Thursday, October 8, 2015




শুধু লিখে কি হবে

কবিতার  ভাষা  হারিয়েছে  তাঁর  সুর , চারিদিকে বাজে  কর্কশ ধ্বনি আজ
মুখের  আসল  আদল  গিয়েছে  ঢেকে,  সবারই  তো দেখি  কৃত্রিমতার  সাজ |
কালো  মেঘে  আজ  আকাশ  যে  আছে  ঢাকা , ধোঁয়াশায় আজ  বাতাস  গিয়েছে  ভরে
সবাই  আমরা  পাশাপাশি  আছি  তবু , প্রতিমুহুর্তে  সরে  যাই  দুরে  দুরে |
এত  কিছু  পেয়ে  ভরেনা  এ মন  ,তবু  ভাবি, আর কি  কি  পেতে তাও   রয়ে  গেছে  বাকি
চাওয়া পাওয়ার খেলা  হবেনা  যে শেষ  কোনদিনও , দিয়ে  যাই   শুধু  একে  অন্যকে  ফাঁকি |  
সারদিন  তাই   নিজেকে  নিয়েই চলা   ,এভাবেই  চলবে  আরো  যতদিন  বেঁচে  আছি
করে  যাব  শুধু  স্বার্থের  সংগ্রাম  ,ফিরে  কি  আসব জীবনের  কাছাকাছি ?
কি  বা  হবে  আর  দু- চার  লাইন  লিখে , যদি  পাল্টাতে  না  পারি  এই  দুঃসময়ের  ছবি
আমার  এই  লেখা  অচিরে  যাবে  যে  মুছে ,   জন্ম  নেবে  এক নতুন  ব্যর্থ  কবি |





আমি এক সিরিয়ান

তোমাদের  দেশ  নাচে  উল্লাসে , গায়  যুদ্ধের  জয়গান
আমার  স্বদেশ  কাঁদে  অবিরাম  ,আজ  তার  লুন্ঠিত  সম্মান |
তোমরা  সবাই  আমন  চেয়েছ ,তাই  বোমা  ফ্যালো  অনায়াসে |
আমার  ভাই রা  লাশ  হয়ে   নীল  সাগরের  জলে  ভাসে  
আল্লাহ  হয়েছে  নির্বাক  আজ , লুকিয়েছে  তার  মুখ ,
রক্তের  স্রোতে  ভরেছে  সাগর,  তবু  মেটেনা  ওদের  ভুখ |

ইসলাম  মানে  শান্তির  বাণী,  নয়   যুদ্ধের  পাঠশালা
সেসব  ভুলে  আজ  একদল  খেলে  নরহত্যার  লীলা |
কালো  মুখোশের  আড়ালে  আজ  বিকৃত  মানবতা
কত  শিশু   বেঘর হয়েছে ,  হারিয়েছে  পিতামাতা |
আমরা হয়েছি রিফিউজি আজ ,আমরা  যে  দিকভ্রান্ত
জীবন  থেমেছে   তবুও  থামেনা  ,মানুষ  কাটার  যন্ত্র |

পশ্চিমী  সব  দস্যুরা  এসে  আমার দেশকে   লুটে
অনাথ শিশু রা কাঁদে অনাহারে তবু খাবার নাহিকো জুটে |
এখানে  কখনো  ওঠেনা  সূর্য  ,না  প্রাণ  খুলে  কেউ  হাসে |
কত  আইলান  নিস্থর  দেহে  সাগরের  জলে  ভাসে |
তোমরা  মানুষ  আমরা  যে  পশু , আমাদের  বেঁচে থাকা বড় ভয়
লাশ  হয়ে   মোরা  খুঁজে  চলি  শুধু  মৃর্ত্যুর  আশ্রয় |